
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের আমন্ত্রণে চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাবি সফর করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সঙ্গে প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চীনে বাংলা ভাষা শিক্ষা ও গবেষণার প্রসার, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, রাবিতে চীনা ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণায় যৌথ কর্মসূচি প্রণয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চীনা প্রতিনিধিদলে ছিলেন ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝাঙ ইয়ানমে, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক হুয়াঙ জিয়েঝং, শিক্ষা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক সহযোগী অধ্যাপক লি জিয়ানবো, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর উ লঙফেঙ এবং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি সহযোগী অধ্যাপক চেন ইনহঙ।
সভায় অন্যদের মধ্যে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইসিটি সেন্টারের অতিরিক্ত দায়িত্বে থাকা পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর মতিন তালুকদার, শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর মো. আবু বকর প্রাং এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক কনক কুমার পাঠক উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে প্রতিনিধিদলটি রাবির বাংলা বিভাগ ও কৃষি অনুষদ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পরে তাঁরা শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি, জুবেরী অতিথি ভবন এবং নির্মাণাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট ভবন পরিদর্শন করেন। সফরকালে প্রতিনিধিদলটি আরও কয়েকটি কর্মসূচিতেও অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ সফরের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, ভাষা শিক্ষা এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।