
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে আসছিল ঢালারচর এক্সপ্রেস। হরিয়ান স্টেশন অতিক্রমের পর চলন্ত অবস্থায় ট্রেনটির একটি চাকার স্প্রিং খুলে যায়। এতে ট্রেনটি বিকল হয়ে লাইনের ওপর দাঁড়িয়ে পড়ার পাশাপাশি একটি অংশ লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং রেললাইন সংস্কারের কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন বলেন, সকালে পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান এলাকায় লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই মেরামতের জন্য কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রেললাইনের মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।