
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক কারবারিরা অবৈধভাবে মাদকের একটি চালান সীমান্ত দিয়ে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ১ বিজিবির খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকার একটি আমবাগানে অবস্থান নেয়।
দীর্ঘসময় অপেক্ষার পর মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাকে আটক করতে ধাওয়া করা হলে ওই ব্যক্তি মাথায় থাকা বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মালিক শনাক্ত করা সম্ভব না হওয়ায় তা মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।