
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে কাহালু থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কাহালু উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এতে অংশ নেয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাহালু উপজেলার কালাই নওদা পাড়া এলাকার তফসের আলী ফকিরের ছেলে আব্দুল আলিম (২৭) এবং একই উপজেলার নারহট্ট সরদার পাড়া এলাকার আনছার মণ্ডলের ছেলে মুরাদ মণ্ডল (২৭)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী উভয় আসামিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ঘটনাস্থলেই জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী বলেন, “মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।