
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর বয়স আড়াই ও দুই বছর।
নিহতরা হলো- বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে শিউলী খাতুন (আড়াই বছর) এবং আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (২ বছর)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
পরে তাদের দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যু মামলা করা হবে। বিধি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই প্রকৃত অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।