
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। এতে ভোজ্য তেল, ডাল, চিনি ছাড়াও অন্যান্য সংরক্ষিত মালামালের বড় ধরনের ক্ষতি হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় অবস্থিত টিসিবির ওই গুদামে আগুন লাগে।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে গুদাম এলাকা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো স্থাপনাজুড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আশপাশের লোকজনও আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, আগুনের তাপে সয়াবিন তেলের বোতল গলে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। গুদামে স্তুপ করে রাখা অসংখ্য বস্তা পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র তাপে ভবনের দেয়াল ও দরজাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসেবে কয়েক লাখ টাকার সরকারি মালামাল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ, বিশেষ করে ভোজ্য তেল মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় ও বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট হিসাব এখনো নির্ধারণ করা যায়নি।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত হওয়া গেছে এবং টিসিবির ডিলারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টরা কাজ করছেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।