
নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে সাইবার প্রতারণা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৫, সিপিসি ২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাইসুল ইসলাম জুয়েল (৩৩) বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা মামুনুর রশিদের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাইসুল ইসলাম জুয়েল বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে পণ্য বিক্রয়ের কথা বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট বিকেল ৪টা ৫৬ মিনিটে তিনি অপর আসামিদের সহযোগিতায় বাদীর হোয়াটসঅ্যাপ নম্বরে তার প্রোফাইল ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি অশ্লীল ছবি পাঠান।
পরে গ্র্যান্ড পিয়ানো কেনার বিষয়ে অনলাইনে যোগাযোগের সময় বাদীর কাছ থেকে ৮০ হাজার টাকা মূল্যের পণ্য কেনার উদ্দেশ্যে আসামির বিকাশ ও ব্যাংক হিসাব নম্বর সংগ্রহ করা হয়। এরপর বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর আরও ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির সাহায্যে অশ্লীল ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগীর কাছে ৬০ হাজার টাকা দাবি করে আসামিরা।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৩ আগস্ট ভাটারা থানায় মামলা করেন। মামলাটিতে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২২, ২৫ ও ২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের পর আসামি আত্মগোপনে চলে যান। পরে র্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে বড়াইগ্রাম থানাধীন গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি রাইসুল ইসলাম জুয়েলকে বিধি অনুযায়ী বড়াইগ্রাম থানার মাধ্যমে ভাটারা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।