
দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার রঘুনাথপুর গ্রামের (তেঁতুলতলা) এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। অভিযানে ওই বাড়ি থেকে ৪০৫ লিটার পেট্রোল ও ১২১ লিটার ডিজেল, মোট ৫২৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে ঘটনাস্থলে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ৬৪ হাজার ৩০৫ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা ও বেশি দামে বিক্রি করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।