
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভেলাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ১০ পিসসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী এলাকার জহুরুল ইসলামের ছেলে সজিব মন্ডল (৩৩)।
অভিযানটি পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস এর নেতৃত্বে ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন,“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।