
নিউজ ডেস্ক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ৬ সদস্যের এ মজুরি বোর্ড গঠন করা হয়। রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে পরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
শ্রমমন্ত্রী বলেন, এর আগে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠকে রবিবার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিল সরকার। আজ বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএ’র পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে বোর্ডের সদস্য করা হয়েছে।
শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী, এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে একজন বিচারপতি দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যানসহ বোর্ডের সদস্যরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে কাজ করবেন।
আরিফুল হক চৌধুরী বলেন, গত তিন দিন ধরে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় রোববার মজুরি বোর্ড ঘোষণার কথা জানানো হয়েছিল। এরপরও রবিবার সকাল থেকে বিভিন্ন সড়কে শ্রমিকদের নামিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার আজই মজুরি বোর্ড ঘোষণা করেছে। এখন বোর্ডের সদস্যরা দ্রুত বৈঠকে বসে বিষয়টি একটি পর্যায়ে নিয়ে যাবেন বলে আশা করছে সরকার।
শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের দাবি নিয়ে সরকার কাজ করছে। মজুরি বোর্ড গঠনের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হলো।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।