
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সর্বশেষ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা হাসপাতালে মারা যান রেজাউল করীম।
রেজাউল করীম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর কলোনির লাল মোহাম্মদের ছেলে। জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মাহবুব হাসান জানান, ডেঙ্গুতে আক্রান্ত রেজাউল করীমকে সোমবার বেলা ১টার দিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ও কলেজছাত্র আব্দুল হাসিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন রোববার সকালে একই হাসপাতালে মৃত্যু হয় মো. মুরশালিনের। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাইকরতলা-কাঁঠালিয়াপাড়ার বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে দুই মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ চলছে। আক্রান্ত রোগীর পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জেলাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, জেলায় দুই মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ চলছে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।