
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে আন্তর্জাতিক বিনিয়োগ ও সহযোগিতা প্রসারে বড় ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের করপোরেট অফিসে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের পরিচালক শেখ মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অর্থনৈতিক অঞ্চলের ভিশন, বর্তমান অগ্রগতি ও সম্ভাব্য বিনিয়োগ সুযোগ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়। পাশাপাশি ভিডিও প্রদর্শনের মাধ্যমে অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়।
তিনি জানান, পরিচালক শেখ মনোয়ার হোসেনের নেতৃত্বে অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের নিউ সাউথ ওয়েলসের সাবেক মন্ত্রী ও লেজিসলেটিভ কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট হন জন আজাকা, সিটি অব ক্যান্টারবুরি-ব্যাংকস্টাউন কাউন্সিলর জর্জ জখিয়া, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম’র (এবিবিএফ) প্রেসিডেন্ট আব্দুল খান রতন, লিবারেল পার্টি লাকেম্বা শাখার প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটুর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, চিফ অব অ্যাডমিন অ্যান্ড এইচআর নেসার আহমেদ জুলিয়াসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা /মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।