
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সিজার আহম্মেদ নয়ন (২৫) ও আমরুল মৃধা (৫০)।
র্যাব সূত্রে জানা যায়, মাদক পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল মহাসড়কে অবস্থান নিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হেরোইন বহনের বিষয়টি স্বীকার করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা দুটি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, প্যাকেট দুটি কসটেপ দিয়ে পেঁচিয়ে তাদের দুই পায়ের রানের সঙ্গে সংযুক্ত করে রাখা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়।
উদ্ধারকৃত হেরোইনের ওজন ১৮৮ গ্রাম বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/জগসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।