
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন কোনো ভাড়া নির্ধারণ করেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠার পর এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাসিক।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অটোরিকশার ভাড়া সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাই নগরবাসীকে অতিরিক্ত ভাড়া পরিশোধ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অটোরিকশা চালকদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে সিটি কর্পোরেশন।
ভাড়া সংক্রান্ত পরিস্থিতি তদারকিতে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে রাসিকের রাজস্ব বিভাগ। বৃহস্পতিবার নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক করেন।
তারা জানান, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার কোনো ভাড়া বৃদ্ধি করেনি। পাশাপাশি চালক ও যাত্রীদের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদান-প্রদান না করার আহ্বান জানানো হয়।
তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
রাসিক সূত্রে জানা গেছে, নগরবাসীর স্বার্থে অটোরিকশা ভাড়া সংক্রান্ত বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।