
দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার সিংগা বাজারের বিভিন্ন দোকানে মেয়াদবিহীন পণ্য বিক্রি, মূল্য তালিকার চাট না থাকা ও অ-স্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করার দায়ে ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এবং জেলা ( ডিএনসিআরপি) এর কর্মকর্তা (এডি) বিপুল বিশ্বাস। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৩৭) ধারায় শাকিল মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার, আসিফ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার, দুর্গাপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার এবং জুয়েল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই এর প্রতিনিধি, থানা পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেছেন। এ ধারা অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।