
পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাবনা মানসিক হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুধেরহাট গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে হাবিল মন্ডল (৬৫), কিসমত প্রতাপপুর গ্রামের মৃত নফসার প্রামাণিকের ছেলে বিপুল প্রামাণিক (৪২), আব্দুল বারিকের ছেলে সুজন আলী (৪২), হেমায়েতপুর গ্রামের শহিদুল মালিথার ছেলে জুয়েল মালিথা (৩২), ইউনুস মোল্লার ছেলে ওয়ারেস মোল্লা (৪০) এবং আবুল হাশেমের ছেলে হাফিজুর রহমান মাহফুজ (৪০)।
এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাবিল মন্ডল, বিপুল প্রামাণিক, সুজন আলী, জুয়েল মালিথা ও ওয়ারেস মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানে এনএসআইয়ের ১২ সদস্যের একটি দল ছাড়াও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।