
তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের একাধিক ডিজিটাল সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় ই-মেইল ও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো ব্যবহারকারী। গত বৃহস্পতিবারের এ বিভ্রাটে আউটলুক, টিমস, কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হয়। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাটের পরপরই আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ দ্রুত বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টার কিছু পর অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজারে পৌঁছায়। এ সময় ব্যবহারকারীদের অনেকে ই-মেইল পাঠানো ও গ্রহণ করতে পারছিলেন না। এমনকি কেউ কেউ নিজেদের ইনবক্সেও প্রবেশ করতে ব্যর্থ হন। তবে বিকেল ৩টার কিছু আগে অভিযোগের সংখ্যা কমে প্রায় ৭৭ হাজারে নেমে আসে।
আউটলুকের পাশাপাশি মাইক্রোসফটের কর্মক্ষেত্রে যোগাযোগের অ্যাপ টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট ব্যবহারেও বিঘ্ন ঘটে। মাইক্রোসফট জানিয়েছে, এ সমস্যার প্রভাব বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের ওপর পড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়েছে এবং স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হচ্ছে। ফলে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যা সেবাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোর নির্দিষ্ট কিছু অংশে বেড়ে যাওয়া ইন্টারনেট ট্রাফিক অন্য সার্ভারগুলোতে স্থানান্তরের জন্য কনফিগারেশন পরিবর্তন পরীক্ষা করছে মাইক্রোসফট। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেবাগুলো পুনরায় সচল করতে সংশ্লিষ্ট সার্ভার ও সিস্টেম রিস্টার্টের কাজও চলছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপদ উপায়ে সেবাগুলো পুনরায় চালু করতে তারা কাজ করছে। তবে কখন নাগাদ মাইক্রোসফটের সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।