
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও সহজ, দ্রুত ও নির্ভুল করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা চালু করেছে গুগল। ‘জেমিনাই ফর হেলথকেয়ার’ নামের এই সেবার মাধ্যমে রোগীর চিকিৎসার নথি পর্যালোচনা, বিমাসংক্রান্ত তথ্য যাচাই, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের প্রস্তুতি এবং বিভিন্ন দাপ্তরিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবেন স্বাস্থ্যকর্মীরা। তবে রোগ নির্ণয় কিংবা চিকিৎসকের বিকল্প হিসেবে নয়, বরং চিকিৎসাসংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজের চাপ কমানোর লক্ষ্যেই সেবাটি তৈরি করা হয়েছে।
গুগল ক্লাউডের তৈরি এই এআই সেবা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিজিটাল ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করে কাজ করবে। বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসার ইতিহাস, স্বাস্থ্য পরীক্ষার ফলাফল, বিমার তথ্য, বিলিং এবং চিকিৎসাসংক্রান্ত নির্দেশিকা পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষিত থাকে। ফলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, পর্যালোচনা ও যাচাই করতে চিকিৎসক এবং প্রশাসনিক কর্মীদের বাড়তি সময় ও শ্রম ব্যয় করতে হয়। নতুন সেবাটি বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সমন্বিতভাবে উপস্থাপন করবে। পাশাপাশি সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেবে।
‘জেমিনাই ফর হেলথকেয়ার’ ব্যবহার করে রোগীর পূর্ববর্তী চিকিৎসার নথি সংক্ষেপে পর্যালোচনা, অ্যাপয়েন্টমেন্টের আগে প্রয়োজনীয় তথ্য প্রস্তুত এবং বিমা সুবিধা ও চিকিৎসার ব্যয়সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে। কোনো রোগীর চিকিৎসার জন্য বিমা প্রতিষ্ঠানের পূর্বানুমোদন প্রয়োজন হলে সংশ্লিষ্ট নথিপত্র তৈরি এবং আবেদন প্রক্রিয়াতেও সহায়তা করবে এআই সেবাটি। এ ধরনের বহুধাপের কাজ সম্পন্ন করতে এতে বিশেষায়িত এআই নির্দেশনা বা ‘স্কিল’ যুক্ত করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম ও প্রয়োজন অনুযায়ী নতুন স্কিল তৈরির সুযোগও পাবে।
রোগীর ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, সেবাটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য তথ্য সুরক্ষা আইন ‘হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট’ (এইচআইপিএএ) অনুসরণের উপযোগী করে তৈরি করা হয়েছে। রোগীর চিকিৎসার নথি এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত পরিবেশেই সংরক্ষিত থাকবে। এসব তথ্য ব্যবহার করে গুগলের এআই মডেল প্রশিক্ষণ দেওয়া হবে না। এ ছাড়া এআইয়ের তৈরি প্রতিটি উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যের উৎস উল্লেখ থাকবে। ফলে স্বাস্থ্যকর্মীরা সহজেই তথ্যের যথার্থতা যাচাই করতে পারবেন। তবে চিকিৎসাসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদেরই থাকবে।
প্রাথমিকভাবে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে সেবাটি চালু করেছে গুগল। ব্লু ক্রস ব্লু শিল্ড অব ম্যাসাচুসেটস, হার্টফোর্ড হেলথকেয়ার, এইচসিএ হেলথকেয়ার, নর্থওয়েল হেলথ এবং স্ট্যানফোর্ড স্কুল অব মেডিসিনসহ কয়েকটি প্রতিষ্ঠান প্রাথমিক পর্যায়ে এটি ব্যবহারের সুযোগ পাচ্ছে।
তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য জেমিনাইয়ের বিনামূল্যের সংস্করণে সেবাটি উন্মুক্ত করা হয়নি। কেবল জেমিনাই এন্টারপ্রাইজের স্ট্যান্ডার্ড ও প্লাস সংস্করণের গ্রাহকেরা এটি ব্যবহারের সুযোগ পাবেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।