
বিনোদন ডেস্ক: মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে নিতেশ তিওয়ারি পরিচালিত ভারতীয় সিনেমা ‘রামায়ণ’। দ্রুততম সময়ে হাজার কোটি রুপি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে এটি। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির পর অষ্টম দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি।
ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় ৬৭৫ কোটি ৫ লাখ রুপি। এর মধ্যে নেট আয় ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি। অন্যদিকে, ভারতের বাইরের বাজার থেকে এসেছে ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, অষ্টম দিনে ভারতে ২৪ হাজার ৪২টি প্রদর্শনী থেকে সিনেমাটি আয় করেছে ৫৩ কোটি ৫০ লাখ রুপি (নেট)। একই দিনে আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে ২৫ কোটি রুপি।
অষ্টম দিনে হিন্দি সংস্করণ থেকে সর্বোচ্চ ৪৩ কোটি রুপি আয় করেছে ‘রামায়ণ’। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ৩ কোটি ২৫ লাখ, মালয়ালম থেকে ২ কোটি ৮০ লাখ, তেলুগু থেকে ২ কোটি ৩০ লাখ এবং তামিল সংস্করণ থেকে ২ কোটি ১৫ লাখ রুপি এসেছে।
মুক্তির প্রথম দিন ভারতে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। দ্বিতীয় দিন আয় করে ৪৮ কোটি ৫ লাখ এবং তৃতীয় দিন ৬৯ কোটি ৮০ লাখ রুপি। রোববার ২১ হাজার ৭৭০টি প্রদর্শনী থেকে আয় হয় ৫৬ কোটি ১৫ লাখ রুপি। এরপর সোমবার ২৩ হাজার ৯১১টি প্রদর্শনী থেকে ১০৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে প্রথমবারের মতো এক দিনে ১০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করে সিনেমাটি।
বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় রয়েছে ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘আরআরআর’, ‘জওয়ান’, ‘পাঠান’, ‘পুষ্পা ২’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’।
তবে দ্রুততম সময়ে এই মাইলফলক অর্জনের ক্ষেত্রে ‘ধুরন্ধর ২’ ও ‘পুষ্পা ২’ মাত্র সাত দিনেই হাজার কোটি রুপির ঘরে পৌঁছেছিল। অন্যদিকে, ‘বাহুবলী ২’-এর সময় লেগেছিল প্রায় ১০ থেকে ১১ দিন। সেই হিসাবে আট দিনে হাজার কোটি রুপি আয় করে দ্রুততম এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ‘রামায়ণ’।
এই সাফল্যের মধ্য দিয়ে অভিনেতা রণবীর কাপুরের ক্যারিয়ারেও যুক্ত হয়েছে নতুন অর্জন। তাঁর অভিনীত কোনো সিনেমা প্রথমবারের মতো বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করল।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।