
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীরবর্তী ঝোপের কাছ থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় পদ্মা নদীর তীরবর্তী একটি ঝোপের কাছে পড়ে থাকা দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র জানায়, উদ্ধারের পর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও হেরোইনের মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া হেরোইন জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
উদ্ধার করা হেরোইন সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। হেরোইনের মালিককে শনাক্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।