
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে শেরপুর উপজেলার বেলগাড়ী ও বগুড়া হঠাৎপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার বেলগাড়ী গ্রামের হরেনের ছেলে গৌর কুমার (২৫) ও দেবেশের ছেলে প্রণব মারডী (২৩) এবং বগুড়া হঠাৎপাড়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. রাজু মিয়া (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।