
নাটোর প্রতিনিধি: খালার বাড়িতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তামিমের। খালাতো ভাইয়ের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত তামিম লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বীরোপাড়া গ্রামের মিঠুন আলীর ছেলে। সে বীরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তিন ভাই-বোনের মধ্যে তামিম ছিল মেজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) খালার বাড়িতে বেড়াতে আসে তামিম। সোমবার দুপুরে খালাতো ভাই সিয়ামের সঙ্গে বিলমাড়ীয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায় সে। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাট থেকে নদীতে লাফ দেওয়ার পর তামিম পানিতে তলিয়ে যায়।
এ সময় সিয়াম ও ঘাটে থাকা লোকজন চিৎকার করে তাকে খুঁজতে শুরু করেন। পরে খালার বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর বেলা ১টার দিকে তামিমকে উদ্ধার করেন। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুল বারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তামিমকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।