নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার গোকুল দক্ষিণ পাড়া এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াজেদুল ইসলাম রংপুরের পীরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তুলারাম মজিদপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর পৌনে তিনটার দিকে গোকুল দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। কোচের এফ ৩ সিটে বসা টিকিটবিহীন যাত্রী ওয়াজেদুল ইসলামের দেহ তল্লাশি করে কালো স্কচটেপে মোড়ানো একটি খাকি রঙের প্যাকেট পাওয়া যায়।
প্যাকেটের ভেতর নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা ছিল ১৯৫০ পিস কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা ইয়াবার ওজন ১৯৫ গ্রাম। এ সময় মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ডও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।