
নিজস্ব প্রতিবেদক: নাটোরে অভিনব কায়দায় পায়ুপথে হেরোইন লুকিয়ে পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা ও স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ী গ্রামের আকতারের ছেলে সাকিবুর রহমান ওরফে সাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামান আকন্দের ছেলে মিন্টু আকন্দ (৪৩)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে দক্ষিণ বড়গাছা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা ব্যক্তিদের প্রাথমিকভাবে তল্লাশি করে মাদক না পাওয়ায় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা দেহের ভেতরে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় তাদের পায়ুপথে কনডমে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর রহমান জানান, রনি নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে তিনি বিশেষ কৌশলে তা পায়ুপথে বহন করছিলেন। হেরোইনের চালানটি মিন্টু আকন্দের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে এসেছিলেন।
পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।