
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক ঘটনায় এক শিশু পানিতে ডুবে ও এক কিশোরী গলায় ফাঁস দিয়ে মারা গেছে। রোববার (১৬ আগস্ট) উপজেলার বাঙ্গাবাড়ি ও আলিনগর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর পাইড়াপাড়া গ্রামের তুহিন আলীর সাড়ে তিন বছরের ছেলে রোহান আলী এবং আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের বাবলু আলীর ১৫ বছর বয়সী মেয়ে ফারজানা খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় শিশু রোহান আলী। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
অন্যদিকে, সকালে ফারজানা খাতুনকে বাড়িতে একা রেখে তার মা-বাবা বাইরে যান। বেলা সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্বজনদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন তারা। এ সময় ফারজানাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। তাকে দ্রুত নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফিজউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়ের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।