
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় র্যাব-৫-এর অভিযানে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জালনোটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল মোহনপুর থানাধীন কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মো. শহীদুল্লাহর ‘লাল গোলাপ সমবায় সমিতি লি.’-এর অফিস কক্ষে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। এ সময় নায়েব আলী (৪৩) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হলেও তার সহযোগী শহীদুল্লাহ (রাজু) কৌশলে পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেফতার নায়েব আলী এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে ইয়াবা ও জালনোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য ও জালনোট-সংক্রান্ত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।