
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের ২৭ লাখ ৩ হাজার ১২৭ শিশুকে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং চলমান হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষামূলক উপাদান। সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা গেলে হামসহ বিভিন্ন রোগের জটিলতা এবং মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হবে।
তারা আরও জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি নিয়মিত কর্মসূচি হলেও দীর্ঘ বিরতির কারণে এবার এর গুরুত্ব আরও বেড়েছে। সম্প্রতি হাম সংক্রমণজনিত জটিলতা ও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দীর্ঘ সময় এই কর্মসূচি বন্ধ থাকাকে চিহ্নিত করা হয়েছে। এজন্য ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দেওয়ার আহ্বান জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এছাড়া বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং ইউনিসেফের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রাভুক্ত ২৭ লাখ ৩ হাজার ১২৭ শিশুর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন শিশু রয়েছে।
জেলার ভিত্তিতে রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ ৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়া জেলায়। অন্যদিকে সর্বনিম্ন ১ লাখ ৩৮ হাজার শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জয়পুরহাট জেলায়।
সভায় বক্তারা অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।