
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে বানেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া ধোপাপাড়া গ্রামের বাসিন্দা হাসেন প্রামাণিক (৭০) ও তার ছোট ভাই আব্দুল খালেক প্রামাণিক (৬৫)। আহত দুজন হলেন মো. লালন ও মো. লাল্টু। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চার যাত্রী একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় নাটোরগামী ক্যারেটবোঝাই একটি ট্রাকের সঙ্গে বানেশ্বর বাজার এলাকায় অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক হাসেন প্রামাণিককে মৃত ঘোষণা করেন।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।