
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে চরমাজারদিয়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার পশ্চিমপাড়া পাটখেত এলাকার একটি কলাবাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় এসকাফ-সি (Eskuf-C) সিরাপ এবং ৪৯ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে একই দিন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে তালাইমারী বিওপির নিয়মিত টহল দল মতিহার থানার ডগার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেট মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।