
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। পৃথক দুটি অভিযানে প্রায় ১৫ কেজি গাঁজা এবং ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। প্রথম অভিযানে চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বাঘা উপজেলার ভানুকর মীরগঞ্জ এলাকার মোশারফ হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তার হেফাজত থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির সন্দেহে নগদ ৩৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে একই রাতে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে থেকে আকবর আলী (৩২), সাকিব ওরফে অন্তর (২৬), সিফাত হোসেন ওরফে কাউসার (২৪) এবং নাসির উদ্দীন (৩৫) নামের চারজনকে আটক করা হয়। এ সময় তাদের দখল থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত চারটি কাঁচি ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক মামলার তথ্য রয়েছে। এর মধ্যে মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা, সাকিব ও সিফাতের বিরুদ্ধে পৃথক মাদক মামলা এবং নাসির উদ্দীনের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনের আওতায় দুটি মামলা বিচারাধীন রয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।