
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও করোডিন সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র একটি চৌকষ আভিযানিক দল নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার আইবাধ নদীর ঘাটে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩ হাজার ৩৬৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ২ বোতল করোডিন সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকার মো. আনারুলের ছেলে সোনারুল (৩৫)।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।