
নিজস্ব প্রতিবেদক: ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যা দেওয়া, হাসপাতাল থেকে ধরে নিয়ে যাওয়াসহ নানা ধরনের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির অন্তত ৫০০ ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।
এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে তারা সম্মানজনক পেশা হিসেবে ফার্মাসিটিউক্যালস সেক্টরে কাজ করছেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় তাদের অপমান, হেনস্তা ও অযাচিত আচরণের শিকার হতে হচ্ছে।
অনেক ক্ষেত্রে হাসপাতাল এলাকায় তাদের দালাল হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, এমনকি ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এসব আচরণ তাদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, অধিকাংশ কোম্পানিতে নির্ধারিত কর্মঘণ্টা মানা হয় না। ছুটি, ওভারটাইমসহ বিভিন্ন শ্রম অধিকার থেকেও কর্মীরা বঞ্চিত হচ্ছেন।
সামান্য কারণ দেখিয়ে চাকরিচ্যুত করার ঘটনাও ঘটছে। তারা এসব অনিয়ম বন্ধ এবং ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। প্রতিবাদ সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।