
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি বাড়ছে উদ্বেগজনক হারে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ২৪ জন শিশুকে এই সংক্রামক রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে—যা গড়ে প্রতি ঘণ্টায় একজন শিশুর সমান।
বুধবার সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন ভর্তি হওয়া ২৪ জন শিশুকেই হাম আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১৪ জন শিশু ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৬০২ জন শিশু এখানে ভর্তি হয়েছে। এর মধ্যে হাম ও এর উপসর্গজনিত কারণে ইতোমধ্যে ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে।
তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খবর২৪ঘন্টা/এফএস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।