
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় গভীর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
সোমবার (৮ জুন) র্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরপরই র্যাব-৫-এর সিপিএসসি’র একটি গোয়েন্দা ও আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়।
এসময় পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় গুলিগুলো জব্দ করা হয়।র্যাব-৫ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।