
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
আজ রবিবার তিন দিনের মালয়েশিয়া সফর শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানোর সময় এ কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, আমরা চাই স্বল্প খরচে, স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন। মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেটমুক্ত করার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করে।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠকে কীভাবে শ্রমবাজার আরও সহজ করা যায় সেই আলোচনা হয়েছে। যারা অবৈধ রয়েছেন, তাদের ব্যাপারেও কথা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বেশকিছু আইন রয়েছে যা সারা পৃথিবীর জন্যই প্রযোজ্য। কিন্তু বাংলাদেশের পক্ষে বলা হয়েছে, আইন আরও কিছুটা সহজ করা জন্য। কারণ মালয়েশিয়া বাংলাদেশে বড় শ্রমবাজার। মালয়েশিয়া বলেছে, তারা বিষয়টি আলোচনা করে জানাবে।
খবর২৪ঘন্টা /মই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।