
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের চাপায় মিনহাজুল ইসলাম (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজুল ইসলাম মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে মীরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর সাইকেলযোগে বাড়ি ফিরছিল মিনহাজুল। পথে মীরগঞ্জ মোড়ে পৌঁছালে বাঘা থেকে চারঘাটগামী একটি সাদা রঙের দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি চারঘাট সিনেমা হল মোড় এলাকায় আটক করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।