
দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি বলেন,“সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য হবে না। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। তিনি নির্বাচন পরিচালনায় আইনানুগ আচরণ, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতির কথা তুলে ধরেন। এছাড়া সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, দুর্গাপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদুজ্জামান এবং বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন বক্তব্য রাখেন। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (চারঘাট সার্কেল, অতিরিক্ত দায়িত্বে পুঠিয়া) খালেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু এবং উপজেলা নির্বাচন অফিসার নাজমিন সুলতানা প্রমুখ।
কর্মশালায় উপজেলার মোট ৬৪টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান, দায়িত্ব পালনের কৌশল এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।