
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে সেচ দেওয়ার জন্য জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৩২) উপজেলার যুগিশো এলাকার বাসিন্দা। তিনি চুক্তিভিত্তিকভাবে স্থানীয় পল্লি চিকিৎসক শরীফ ডাক্তারের পুকুর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আঙরার বিল এলাকায় পল্লী বিদ্যুতের একটি সংযোগ লাইন থেকে বিভিন্ন পুকুরে জলমোটর পরিচালনার জন্য বিদ্যুৎ সরবরাহ নেওয়া হয়। রোববার দুপুরে শরীফ ডাক্তারের পুকুরে সেচ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জলমোটরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে বিদ্যুতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, জাহাঙ্গীর আলমের শরীর ভেজা অবস্থায় ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তার হাতের একটি আঙুল সকেটের ভেতরে প্রবেশ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্গাপুরের যুগিশো গ্রামের পরিবেশ।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।