
দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : পবিত্র মাহে রমজানকে ঘিরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে দেখা গেল সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃশ্য। গ্রামের নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধসহ প্রায় দুই হাজার মানুষ একসাথে একই মাঠে বসে ইফতার করেছেন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল মাঠে এই ব্যতিক্রমধর্মী সম্মিলিত ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় জেলে ও মৎস্যজীবী সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এ ইফতারে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ইফতার উপলক্ষে কয়েকটি খাসি জবাই করে চিকন চালের বিরিয়ানি, শরবত, বিভিন্ন ফলমূল, ছোলা, খেজুরসহ নানা ধরনের খাবারের ব্যবস্থা করা হয়। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই সারিতে বসে ইফতার করেন, যা গ্রামের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।
শ্যামপুর গ্রামের দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। সবাই একসঙ্গে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। প্রতিবছর এমন আয়োজন হলে গ্রামের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
মৎস্যজীবী সম্প্রদায়ের সর্দার আইয়ুব আলী জানান, গত পাঁচ বছর ধরে গ্রামের জেলে ও মৎস্যজীবীরা নিজেদের দৈনিক আয়ের একটি অংশ জমিয়ে এই সম্মিলিত ইফতারের আয়োজন করে আসছেন। তিনি বলেন, “সমাজে সবাই একে অপরের পরিপূরক। তাই আমরা চাই সবাই একসাথে মিলেমিশে থাকুক, সেই ভাবনা থেকেই এই আয়োজন।
শিক্ষানবিশ আইনজীবী মোজাম্মেল হক বলেন,“গ্রামের মানুষের এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সৌহাদের্যর অনন্য দৃষ্টান্ত। সম্মিলিত ইফতার মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
গ্রামবাসীরা জানান, প্রতিবছর রমজান মাসে এই আয়োজনকে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। এমন উদ্যোগ গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা,সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও মজবুত করবে।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।