
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এবার থেকে অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে জ্বালানি তেল। রবিবার (১২ এপ্রিল) থেকে এই কার্যক্রম শুরু করা হবে। ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামের একটি মোবাইল অ্যাপ থেকে মিলবে এই তেল।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রবিবার থেকে পরীক্ষামূলকভাবে এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। এই সেবা গ্রহণের ক্ষেত্রে আলাদা নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
রবিবার সকাল ৯টায় নগরীর গুলগোফুর পেট্রোলিয়ামে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।