
নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদেশি আহত হয়েছেন, তারা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি।
তিনি বলেন, আমাদের মিশন ওখানে আরও যারা বাংলাদেশি আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছে। হতাহতের অবস্থা জানার চেষ্টা করছে এবং যারা বাংলাদেশি ভাইরা আছেন, তারা যতদূর সম্ভব যাতে নিরাপদে থাকতে পারেন, সেই নির্দেশনাটাও আমাদের মিশন থেকে দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সর্বক্ষণিক সব ধরনের সহযোগিতা করে থাকে। মাত্র ঘটনাটা ঘটেছে। আমরা অবশ্যই সৌদি সরকারের সঙ্গে কাজ করবো। অনেক সময় দেখা যায়, বাংলাদেশি ভাইয়েরা ওখানে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, তাদের কোম্পানির মালিকদের সঙ্গে কথা বলতে হয়। তো সব ফরমালিটি কমপ্লিট করে তাদের মরদেহ শিগগিরই দেশে ফেরত আনার চেষ্টা করবো। তাদের দেশে আনার খচর আমরা বহন করে থাকি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।