
নাটোর প্রতিনিধি: নতুনত্ব ও ব্যতিক্রমী উদ্যোগের প্রত্যয় নিয়ে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে যাত্রা শুরু করেছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাবসাইন ফ্যাশন’। তিন তরুণ উদ্যোক্তার যৌথ উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি মানসম্মত পোশাক তৈরির পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছে।
‘অ্যাবসাইন ফ্যাশন’-এর উদ্যোক্তারা হলেন কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাবু মন্ডল (৩৬), ভাগনাগরকান্দী গ্রামের আকরাম হোসেনের ছেলে সোহাগ আলী সরদার (২৪) এবং আত্রাই উপজেলার নন্দীগ্রামের মুনসুর আলী সরদারের ছেলে আবদুল্লাহ আল আরিফ (৩১)।
উদ্যোক্তাদের মধ্যে বাবু মন্ডল এইচএসসি ও ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এর আগে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার পয়েন্টে কাজ করেছেন। সোহাগ আলী সরদার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। অন্যদিকে আবদুল্লাহ আল আরিফের গার্মেন্টস খাতে রয়েছে প্রায় ১৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
পারিবারিক সম্পর্কও তিন উদ্যোক্তাকে একত্র করেছে। বাবু মন্ডল ও সোহাগ আলী মামাতো ও ফুফাতো ভাই। আর আবদুল্লাহ আল আরিফ বাবু মন্ডলের ভগ্নিপতি। পারিবারিক বন্ধনের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহকে কাজে লাগিয়েই তারা যৌথভাবে ‘অ্যাবসাইন ফ্যাশন’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে প্রতিষ্ঠিত কারখানাটিতে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে একই বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। বর্তমানে আটটি আধুনিক সেলাই মেশিনের মাধ্যমে চলছে পোশাক উৎপাদন।
প্রতিষ্ঠানটিতে নিয়মিত টি শার্ট, পলো শার্ট, সুইট শার্ট, জার্সি, ট্রাউজার ও হুডিসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হচ্ছে। অনলাইনভিত্তিক ডিজাইন ও মার্কেটিংয়ের দায়িত্ব পালন করছেন সোহাগ আলী সরদার। কারখানার উৎপাদন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা তদারক করছেন বাবু মন্ডল ও আবদুল্লাহ আল আরিফ।
উদ্যোক্তা বাবু মন্ডল বলেন, কাজের চাপ বাড়লে নিয়মিত তিন থেকে চারজন স্থানীয় কর্মচারী তাদের সঙ্গে কাজে যুক্ত হন। এতে স্থানীয় কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন দেশের টি শার্ট তৈরি করেও তারা ভালো সাড়া পেয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. সামাউন আলীসহ কয়েকজন জানান, অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও আধুনিক বিপণন ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা ‘অ্যাবসাইন ফ্যাশন’ এলাকায় নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে এমন একটি প্রতিষ্ঠান গড়ে ওঠায় তারা আনন্দিত। মানসম্মত পোশাক সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা তাদের।
উদ্যোক্তারা জানান, বর্তমানে স্থানীয় বাজারকে প্রাধান্য দিয়ে পোশাক উৎপাদন ও বিপণন করা হচ্ছে। ভবিষ্যতে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ‘অ্যাবসাইন ফ্যাশন’-এর পোশাক পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তরুণদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জোগানো, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি পরিচিত পোশাক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠানটিকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।