
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তা বাতিল করে পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, চাকরিপ্রত্যাশী আব্দুল কাইয়ুম ও সানাউল ইসলাম। এ সময় চাকরিপ্রত্যাশী, গ্রামবাসী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন শিরাজীর পদত্যাগের দাবিও জানান তারা।
একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে শূন্য পদগুলোতে পুনঃনিয়োগের জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।