
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামুনিশন (গুলি) এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মালিক কিংবা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশবিরোধী নাশকতার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী চক্র পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সেগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
র্যাব-৫ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিযানও অব্যাহত রয়েছে।
আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।