
নিজস্ব প্রতিবেদক: মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, সড়ক উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ বাবদ ২৫ জন ভূমি মালিকের মধ্যে মোট ৮ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৮৯১ টাকার চেক বিতরণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।
বুধবার (১০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অনেক ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হয়। তবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ন্যায্য ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তিনি জানান, জেলা প্রশাসন স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণের অর্থ প্রকৃত মালিকদের হাতে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, রাজশাহীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এসব প্রকল্পের সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারবেন।
চেক গ্রহণকারীদের মধ্যে টকেনা বেগম সর্বোচ্চ ৪ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৯৪৫ টাকার ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন। চেক গ্রহণের পর তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়ে তিনি স্বস্তি অনুভব করছেন। এ অর্থ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
চেক বিতরণ শেষে ভূমি মালিকদের মধ্যে সন্তোষের ভাব লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।