
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৪ জুন) আয়োজিত দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে সকাল ৯টায় আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন। পুরো কার্যক্রম তদারকি করেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য না হওয়ায় বিজিবির এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, চরাঞ্চলে মানসম্মত চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন। বিজিবির এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।
তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের দাবি জানান। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, চর আষাড়িয়াদহ উপজেলা ও জেলা সদর থেকে বিচ্ছিন্ন একটি জনপদ। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে দীর্ঘদিন ধরে নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ফলে সামান্য চিকিৎসার জন্যও চরবাসীকে নদী পেরিয়ে দূরবর্তী এলাকায় যেতে হয়।
খবর২৪ঘন্টা/জগস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।