
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) যৌথ উদ্যোগে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে শুরু হওয়া এ অভিযান বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের সড়ক ব্যবহার করতে বাধ্য হতে হচ্ছিল। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নগরীতে যানজটও তীব্র আকার ধারণ করছিল। জনদুর্ভোগ কমানো এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে এবং এটি নিয়মিতভাবে চলমান থাকবে।
তিনি আরও বলেন, নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীর অনেকেই। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে এবং নগরীর স্বাভাবিক শৃঙ্খলা বজায় থাকবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।