
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনায় জিয়ারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই মিনারুল। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর চন্দ্রিমা থানা এলাকার বিসিক-২ সংলগ্ন কচুয়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম নগরীর ললিতহার এলাকার মৃত উসমান আলীর ছেলে। জমি নিয়ে তার সঙ্গে চাচাতো ভাই মিনারুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জমি নিয়ে জিয়ারুল ও মিনারুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য পরিবারের সদস্যরা একাধিকবার উদ্যোগ নিলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
তিনি জানান, রোববার রাতে জমি নিয়ে বিরোধের জেরে বিসিক-২ এলাকায় দুই পক্ষের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মিনারুলের পক্ষের লোকজনের ধাক্কায় জিয়ারুল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর জিয়ারুলের পক্ষের লোকজনের হামলায় মিনারুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে দুই পক্ষের মধ্যে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মনিরুল ইসলাম আরও জানান, জিয়ারুলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাত পৌনে ১টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জিয়ারুলের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।