
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে পুকুরের পানিতে মরদেহটি ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
যে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তার পাশেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। মঙ্গলবার বিকেল ৩টায় এই মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। গুরুত্বপূর্ণ এই জনসভাস্থলের পাশের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে হাফপ্যান্ট ছিল, তবে শার্ট ছিল না। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুকুরের পানিতে অর্ধগলিত অবস্থায় মরদেহটি ভেসে ওঠে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহে পচন ধরেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।