
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাংক ভবনের নিচতলার কাচের ফিটিং ও জানালা ভেঙে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহ্ মখদুম থানার আওতাধীন বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাস্তার পাশ থেকে ব্যাংক ভবন লক্ষ্য করে দাহ্য পদার্থভর্তি কাচের বোতল নিক্ষেপ করে। এতে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। গভীর রাতে আকস্মিক এ বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচের বোতলে করে কিছু দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এতে ভবনের নিচতলার কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবনকে লক্ষ্য করে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।